Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গুয়ার হাওরে হাউজবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে শিশুর মৃত্যু

শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ ঘটনা ঘটে

আপডেট : ০৬ জুন ২০২৬, ১২:৫০ পিএম

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে পর্যটকবাহী একটি হাউসবোটের চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে টাঙ্গুয়ার হাওর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মৌমাতা সরকার নিঝুম (৮)। সে সিলেট মেট্রোপলিটন পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) স্বপন চন্দ্র সরকারের মেয়ে। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কামলাবাজ গ্রামে।

পরিবার ও হাউসবোট সূত্রে জানা যায়, শুক্রবার জেলার তাহিরপুর ও মধ্যনগর উপজেলাজুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরে যায় “ভ্রমণশৈলী” নামের হাউসবোটটি। হাওরের পর্যবেক্ষণ টাওয়ারে ঘোরাঘুরি শেষে বিকেলে বোটটি উত্তর পাড়ের সীমান্তবর্তী নিলাদ্রী লেকের উদ্দেশে রওনা হয়। এ সময় বোটের পেছন থেকে সামনের দিকে যাওয়ার সময় চলন্ত ইঞ্জিনের ওপর পড়ে যায় শিশুটি। তাৎক্ষণিকভাবে ইঞ্জিন বন্ধ করে নিঝুমকে উদ্ধার করা হয়। কিন্তু এর আগেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা এসআই স্বপন চন্দ্র সরকার স্ত্রী ও দুই মেয়ের হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাওয়ার কথা নিশ্চিত করেছেন। 

হাউসবোটটির মালিক ও নিঝুমের স্বজন পংকজ রায় বলেন, “হাউসবোটটির প্রথম ট্রিপ ছিল। পরিবারের সদস্যদের নিয়ে হাওর ভ্রমণে বের হয়েছিলাম। মেশিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিন বন্ধ করা হয়। কিন্তু তাকে আর জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। মেশিনের আঘাতে তার শরীর গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়।”

এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণকালে দুর্ঘটনায় মৌমাতা সরকার নিঝুমের মৃত্যু হয়েছে। নিহত শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

   

About

Popular Links

x