Monday, June 08, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান সিটি প্রশাসক, যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপের উপর সুনির্দিষ্ট নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে

আপডেট : ০৮ জুন ২০২৬, ০৬:১৬ পিএম

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী আধুনিক প্রযুক্তি শিখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে একই সফরে যাওয়ার অনুমোদন পেয়েছেন রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ বি এম আসাদুজ্জামান সুইট।

আজ সোমবার (৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক ভ্রমণ প্রস্তাবের সার-সংক্ষেপে সরকার প্রধানের দেওয়া সুনির্দিষ্ট নির্দেশনা থেকে এই তথ্য জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে যে, এই সফরের মাধ্যমে কোনো প্রকৌশলী যদি জ্ঞান আহরণ করেন, তবে তা পরবর্তীতে রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজে সরাসরি উপকারে আসবে। কিন্তু রাজশাহী সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক যেহেতু কোনো প্রকৌশলী নন, সেহেতু তার এই সফরে যাওয়া বিশেষ কোনো গুরুত্ব বহন করে না। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী কেবল প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলীকে (বিদ্যুৎ) প্রয়োজনে ফ্রান্সে যাওয়ার অনুমতি দেন।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশনায় আরও উল্লেখ করেন যে, ভবিষ্যতে এই ধরনের যেকোনো উদ্ভাবনী কাজের ক্ষেত্রে বিদেশ সফরের চেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহযোগিতা নেওয়া অনেক বেশি যুক্তিযুক্ত ও শ্রেয় হবে।

প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে তার প্রেস সচিব সালেহ শিবলী সংবাদমাধ্যমকে জানান, সরকার প্রধান অপচয় রোধ এবং যথাযথ যোগ্য ব্যক্তিকে সঠিক কাজে লাগানোর নীতি থেকেই এই নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, আন্তর্জাতিক আলোকসজ্জা বিষয়ক প্রতিষ্ঠান ‘সিগনেফাই বাংলাদেশ লিমিটেড’ কোম্পানির আমন্ত্রণে ‘সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার’ পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি সরেজমিনে শেখার উদ্দেশ্যে ফ্রান্সে যাওয়ার একটি আমন্ত্রণ পেয়েছিল রাজশাহী সিটি করপোরেশন। সেই আমন্ত্রণে রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের একটি সরকারি প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর ও অর্থ অপচয় রোধে প্রধানমন্ত্রী সাম্প্রতিক সময়ে বেশ কঠোর অবস্থান নিয়েছেন। এর আগে সম্প্রতি মশক নিধনের আধুনিক পদ্ধতি দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের একটি যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও একইভাবে নাকচ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

   

About

Popular Links

x