লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলায় পতাকা টানানোকে কেন্দ্র করে এক আর্জেন্টিনা সমর্থককে রিভলবার দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে এক ব্রাজিল সমর্থকের বিরুদ্ধে।
সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের যাত্রাপুর তুলাগাছতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম।
অভিযুক্ত রিফাত হোসেন একই এলাকার আবদুল মজিদের ছেলে এবং তিনি ব্রাজিল সমর্থক হিসেবে পরিচিত।
ভুক্তভোগী আজাদ হোসেনের অভিযোগ, কয়েকজন বন্ধু মিলে আর্জেন্টিনার পতাকা টানাতে গেলে বিরোধিতা করে রিফাত হোসেন। পরে কোনো ধরনের কথা-কাটাকাটি ছাড়াই রিফাত তার ওপর হামলা চালায় এবং রিভলবার দিয়ে মাথায় আঘাত করে।
তবে অভিযোগ অস্বীকার করে রিফাত হোসেন জানান, তিনি কোনো হামলায় জড়িত নন। বরং তারা এলাকায় রাজনৈতিক প্রচারণা চালাতে চাইলে সেটির প্রতিবাদ করা হয়। তার কাছে রিভলবার থাকার বিষয়টিও তিনি অস্বীকার করেন।
এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, রিভলবার দিয়ে আঘাতের অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



