বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন। নিহত রোহিঙ্গা শ্রমিকের নাম আব্দুল খালেক (৩০)।
মঙ্গলবার (৯ জুন) সকালে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্তে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আব্দুল খালেক ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রেজু আমতলী বিওপি (সীমান্ত ফাঁড়ি) সংলগ্ন ৪০ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় যান। সেখানে হঠাৎ স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। এসময় তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার পর ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র থেকে একটি মোবাইল টিম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



