গার্মেন্টস ও ট্যানারীসহ বিভিন্ন শিল্প কারখানায় ছাঁটাইয়ের নামে শ্রমিকদের চাকুরিচ্যুত,, দমন-পীড়ন বন্ধ এবং জাতীয় বাজেটে রেশনিং ব্যবস্থা চালুসহ শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ বরাদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
সোমবার (৮ জুন) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ টিইউসি ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশ ও মিছিলের কর্মসূচি থেকে এ দাবি করেন বক্তারা।
টিইউসির মহানগর কমিটির সহ-সভাপতি শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন টিইউসির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক শ্রমিক নেতা কাজী রুহুল আমিন, মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রীস আলী, নির্মাণ শ্রমিক নেতা মো. আলী হোসেন, গার্মেন্টস শ্রমিক নেতা খায়রুল মামুন মিন্টু, ট্যানারী শ্রমিক নেতা আক্তার হোসেন, হকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি শেষে কর্মস্থলে কাজে যোগ দিতে গেলে অনেক কারখানায় শ্রমিকদেরকে কাজে যোগ দিতে দিচ্ছেনা এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও মামলা হামলার হুমকি দিচ্ছে, যা হয়রানীমূলক ও মানবতাবিরোধী। সস্তা শ্রম আর লুটপাটের উপর গড়ে উঠা ধনিক মালিকরা কোন ধরনের আইন কানুন ও বিধিবিধানের তোয়াক্কা করেনা।
শ্রম আইনের ২০, ২৩(৪), ২৬ ও ১৩(১)সহ অধিকাংশ ধারার অপব্যবহার করে মামলা-হামলা-নির্যান-চাকুরীচ্যুতি ও দমন-পীড়ন চালিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও জুট সন্ত্রাসী মালিকদের লাঠিয়াল বাহিনী হিসেবে তৎপর।
নেতৃবৃন্দ মালিকদের এই ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে সকল শ্রমিককে চাকুরীতে বহাল রাখার জন্য জোর দাবি জানান।



