রাঙামাটির কাপ্তাই লেকে গোসল করতে নেমে ইনতিশার হাসনাত (২৩) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।
রাঙামাটি ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে আগত চার বন্ধু বিকেলে নৌকাযোগে কাপ্তাই লেক ভ্রমণে বের হন। তাদের বহনকারী নৌকাটি চক্রপাড়া সংলগ্ন বালুচর এলাকায় পৌঁছালে তারা লেকে গোসল ও সাঁতার কাটতে নামেন। একপর্যায়ে ইনতিশার হাসনাত সাঁতার কাটতে কাটতে গভীর পানিতে চলে গেলে পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল স্টেশন লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে লেকের প্রায় ২৫ ফুট গভীর তলদেশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর দ্রুত অ্যাম্বুলেন্সযোগে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাঙামাটির জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: মুহাম্মদ শওকত আকবর খান এর সত্যতা নিশ্চিত করেছেন।



