Saturday, June 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী নারী গ্রেপ্তার

জামালপুরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়

আপডেট : ১৩ জুন ২০২৬, ০৭:১৯ পিএম

জামালপুরে অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুন) ভোরে শহরের মৃধাপাড়া ও দয়াময়ী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত খোদেজা বেগম (৪০) পার্শবর্তী শেরপুর জেলার সদর উপজেলার কুসুমহাটি কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা এবং অপর আসামী মোছা: বুলবুলি (৫৮) জামারপুরের মেলান্দহ উপজেলার মুন্সী নাংলা গ্রামের বাসিন্দা।

শনিবার দুপুরে জামালপুর সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ অভিযানের বিষয়টি নিশ্চত করে। পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) ভোরে জামালপুর শহরের মৃধাপাড়া এলাকায় এক ভাড়া বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভাড়াটিয়া খোদেজা বেগমের কক্ষ থেকে তিনটি ট্রাভেল ব্যাগ ও দুইটি বস্তা থেকে পলিথিনে মোড়ানো ৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে খোদেজা বেগম উদ্ধারকৃত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত খোদেজা বেগমের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের দয়াময়ী মোড় থেকে মোছা: বুলবুলি নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোছা: বুলবুলি উদ্ধারকৃত ওই গাঁজা ক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে এসেছিলো বলে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী খোদেজা বেগম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে মামালা দায়ের করা হয়েছে। আসামীদের আইনি প্রক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে।“

   

About

Popular Links

x