রাজধানীর কাফরুলের কাজীপাড়া মেট্রোরেল স্টেশনসংলগ্ন একটি সাততলা ভবনের তালাবদ্ধ ফ্ল্যাট থেকে রাবেয়া ওরফে জেনি খান (২৪) নামে এক তরুণীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক আলামতের ভিত্তিতে এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, এপ্রিল মাস থেকে ওই ফ্ল্যাটে স্বামী আশিকুজ্জামানের সঙ্গে ভাড়া থাকতেন রাবেয়া। আশিকুজ্জামানের বাড়ি রাজধানীর শাহ আলী থানা এলাকায়। পরিবারের অমতে বিয়ে করায় তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল বলে স্বজনদের দাবি।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী ১৪ জুন রাত ১২টার দিকে আশিকুজ্জামান বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। মঙ্গলবার ফ্ল্যাটের আশপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় দরজা খুলে ভেতরে প্রবেশ করলে বিছানার ওপর রাবেয়ার অর্ধগলিত মরদেহ পাওয়া যায়।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, “মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাস্থলের পরিস্থিতি ও অন্যান্য আলামত বিবেচনায় এটি হত্যাকাণ্ড হতে পারে।”
তিনি আরও জানান, ঘটনার পর থেকেই রাবেয়ার স্বামী আশিকুজ্জামান পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এদিকে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।



