Thursday, June 18, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

বুধবার সন্ধ্যায় নদীতে জাল টেনে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে

আপডেট : ১৮ জুন ২০২৬, ০২:২০ পিএম

বাগেরহাটের সুন্দরবনে শেলা নদীতে কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামে এক নারী জেলে নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ওই নারী জেলার মোংলা উপজেলাধীন সুন্দরবন পূর্ব বিভাগের জয়মনি লঞ্চঘাট এলাকায় জাল টেনে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত সেলিনা বেগম মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা এবং স্থানীয় মোটরগাড়ি চালক জাহিদুল শেখের মা।

স্থানীয়রা জানায়, সেলিনা বেগম সুন্দরবনের শ্যালা নদীতে চিংড়ি মাছের রেনু পোনা সংগ্রহের জন্য জাল টানছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে নদীর পানিতে টেনে নিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য জেলেরা তার মরদেহ উদ্ধার করে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, ১ জুন থেকে আগামী ৩১ আগাস্ট পর্যন্ত ৩ মাস সুন্দরবনে জেলে,বাওয়লী, মৌয়াল ও পর্যটকসহ সব ধরনের প্রবেশ নিষিদ্ধ। কিন্তু ওই এলাকার তিনজন নারী নিষেধাজ্ঞা অমান্য করে লোকালয়-সংলগ্ন শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ একটি কুমির সেলিনা বেগম নামে ওই নারীকে টেনে নদীর মধ্যে নিয়ে যায়। পরে তার সঙ্গীরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

জয়মনি এলাকার স্থানীয় এক সূত্র জানায়, সুন্দরবন-সংলগ্ন লোকালয়ের অসহায় দরিদ্র বেশকিছু নারী বিভিন্ন সময়ে সুন্দরবনের নদ-নদীতে জাল টেনে মাছ এবং মাছের রেনু আহরণ করে জীবিকা নির্বাহ করেন। কুমিরের আক্রমণে নিহত ওই নারী বন বিভাগের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জীবিকার তাগিদে শেলা নদীতে জাল টেনে মাছ আহরণ করছিলেন। এ সময় কুমিরের আক্রমণে তার প্রাণহানি ঘটে। বন-সংলগ্ন লোকালয়ের অসহায় নারী-পুরুষদের কর্মসংস্থান এবং আর্থিক ও খাদ্য সহায়তা দেওয়ার দাবি জানান স্থানীয়রা।

ডিএফও মো. রেজাউল করিম চৌধুরী জানান, বন্যপ্রাণীর আক্রমণে নিহত অথবা আহত হলে সরকারের পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু ওই নারী নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধভাবে সুন্দরবনের নদীতে মাছ আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণে নিহত হয়েছেন। এক্ষেত্রে তাকে কোনো ধরনের আর্থিক সহায়তা দেওয়া সম্ভব নয়।

এদিকে, বন বিভাগ ও স্থানীয় প্রশাসন জেলেদের আরও সতর্কতার সঙ্গে সুন্দরবনের নদী-খালে চলাচল ও মাছ ধরার আহ্বান জানিয়েছে।

   

About

Popular Links

x