Saturday, June 20, 2026

সেকশন

English
Dhaka Tribune

যশোরে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

শনিবার দুপুরে বিজিবি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:০৮ পিএম

যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে ৩১টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি) সদস্যরা।

শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরের এক নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।  

আটক ব্যক্তিরা হলেন - নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর কোতোয়ালি থানার বালিয়া ভেকুটিয়া গ্রামের মো. আনিস (৩৬)। 

শনিবার (২০ জুন) দুপুরে যশোরের ঝুমঝুমপুর বিজিবি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান এ তথ্য জানান।

তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কের ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) পরীক্ষার পর এগুলো খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।”

এছাড়া, পাচার কাজে ব্যবহৃত প্রাইভেট কারটির মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোনের মূল্য ৩৬,০০০ টাকা এবং নগদ ৪,৮১৫ টাকা জব্দ করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা মালামালের মোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণগুলো সংগ্রহ করেছিলেন। পরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

তিনি আরও জানান, সীমান্তে মাদক ও স্বর্ণ চোরাচালান বন্ধে বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। আটক দুই ব্যক্তিকে এ ঘটনায় মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণ ও অন্যান্য মালামাল যশোর ট্রেজারিতে জমা করা হবে। 

   

About

Popular Links

x