Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

জামিন পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর

প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগে বগুড়ায় মানহানির মামলা করা হয়

আপডেট : ২১ জুন ২০২৬, ০৩:৪১ পিএম

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মানহানির মামলায় শুনানি শেষে জামিন দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) দুপুরে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী তানজিম আল মেজবা জানান, বাদীপক্ষের আইনজীবীর আপত্তি না থাকায় চার্জশিট না হওয়া পর্যন্ত আদালত তাকে জামিন দিয়েছেন।

এ খবরে পেশাজীবী সাংবাদিকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বেলবন্ডসহ অন্যান্য প্রক্রিয়া শেষে সাংবাদিক রেজানুর ইসলাম আজই জেল থেকে ছাড়া পাবেন।

এর আগে, পুলিশ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে সাংবাদিক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করায় পেশাজীবী সাংবাদিকদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

পুলিশ ও মামলা সূত্র জানায়, ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকায় বগুড়া ২ আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে দুর্নীতির একটি প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এবং দি নিউনেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন সংক্ষুব্ধ হয়ে গত ১৫ জুন ওই পত্রিকার সম্পাদক-প্রকাশকসহ ছয়জনের বিরুদ্ধে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন।

মামলার আসামীরা হলেন ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিবেদক মো. শামস এবং বগুড়া জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে গাজীপুরের বাজার এলাকা থেকে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে গ্রেপ্তার করে।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় তাকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। রবিবার মামলার শুনানির দিন ধার্য করেন আদালত।

   

About

Popular Links

x