রাজধানীর মতিঝিলের ফকিরাপুল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতের নাম আরাফাত রহমান শাওন (২৩)। এ ঘটনায় শাহজাহান মিয়া (৫০) নামে এক পথচারী আহত হয়েছেন।
সোমবার (২২ জুন) রাত প্রায় ১১টা ১৫ মিনিটে ফকিরাপুলের রহমানিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় শাওন ও শাহজাহানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত সোয়া ১২টার দিকে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
নিহত শাওনের বাড়ি গাজীপুর জেলার টঙ্গীর নিশাতনগর এলাকায়। তার বাবার নাম লুৎফর রহমান।
আহত শাহজাহান বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাওনের বন্ধু আলিফ জানান, তারা হাতিরঝিলের মধুবাগের মীরেরটেক এলাকায় থাকতেন। শাওন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। সোমবার রাতে দুজন মোটরসাইকেলে করে পুরান ঢাকার ওয়ারীতে ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন।
আলিফ আরো জানান, মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শাওন। ফকিরাপুল এলাকায় পৌঁছালে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শাওন ও ওই পথচারী দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি তদন্তের জন্য মতিঝিল থানাকে অবহিত করা হয়েছে।



