Thursday, June 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মসজিদে ফজরের নামাজের সময় মোবাইল চুরির ঘটনা ঘটে

আপডেট : ২৫ জুন ২০২৬, ০৫:৪৯ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল চুরির অভিযোগে গণপিটুনিতে মোহাম্মদ শাহাদাৎ হোসেন (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,ওই এলাকায় ওসমান গনি বাড়ির মসজিদে ফজর নামাজের সময় মুসুল্লিদের পকেট থেকে মোবাইল চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা ওই যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। মারধরে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তাকে মৃত অবস্থায় মসজিদের সামনে সড়কে ফেলে রাখা হয়। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

নিহত শাহাদাৎ একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তার বিরুদ্ধে থানায় একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় মিন্টু তালুকদার জানান, এর আগে তার বিরুদ্ধে কয়েকটি চুরির অভিযোগ রয়েছে। সকালে শুনতে পাই সে মোবাইল চুরি করেছে এবং এলাকাবাসী তাকে পিটুনি দেয়। পরে এসে দেখি এখানে পড়ে আছে।

এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া জানান, ঘটনার পরপরই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত শাহাদাৎ হোসেন পেশাদার চোর। এর আগেও তাকে চুরির ঘটনায় কয়েকবার গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

   

About

Popular Links

x