Saturday, June 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লার রেস্তোরাঁয় ভুলে শিশুকে ফেলে যায় পাকিস্তানি পরিবার

প্রায় ছয় ঘণ্টা পর বিষয়টি টের পেয়ে তারা ফিরে এসে শিশুটিকে নিয়ে যায়

আপডেট : ২৭ জুন ২০২৬, ০৭:২২ পিএম

পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশ ভ্রমণে আসা একটি পরিবার কক্সবাজার যাওয়ার পথে কুমিল্লায় যাত্রাবিরতির সময় অসাবধানতাবশত দুই বছর বয়সী এক শিশুকে রেস্তোরাঁয় রেখেই চলে যায়। প্রায় ছয় ঘণ্টা পর বিষয়টি টের পেয়ে তারা ফিরে এসে শিশুটিকে নিয়ে যায়।

ঘটনাটি শনিবার (২৭ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁয় ঘটে।

রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানায়, করাচি থেকে আসা ১১ সদস্যের পরিবারটি বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছে এক দিন ঢাকায় অবস্থান করে। শনিবার ভোরে দুটি গাড়িতে কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় তারা। সকাল সাড়ে ৮টার দিকে নাশতার জন্য জাইতুন রেস্তোরাঁয় যাত্রাবিরতি নেয়। নাস্তা শেষে তাড়াহুড়োয় সবাই গাড়িতে উঠলেও দুই বছরের শিশুটি রেস্তোরাঁতেই থেকে যায়।

শিশুটিকে একা দেখে প্রথমে রেস্তোরাঁর কর্মীরা তাকে শান্ত করার চেষ্টা করেন। কান্নাকাটি শুরু করলে তাকে মোবাইলে কার্টুন ও ভিডিও দেখানো হয়, খেলাধুলা করানো হয়। একই সঙ্গে রেস্তোরাঁর ফেসবুক পেজে ঘটনাটি জানিয়ে একটি পোস্ট দেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন ও পুলিশকেও বিষয়টি অবহিত করা হয়।

জাইতুন রেস্তোরাঁর স্বত্বাধিকারী এ কে এম লুৎফুর রহমান জানান, শিশুটির বাবা ও মা দুটি আলাদা গাড়িতে ছিলেন। মা ভেবেছিলেন সন্তান বাবার সঙ্গে আছে, আর বাবা ভেবেছিলেন শিশুটি মায়ের কাছেই রয়েছে। ফলে কেউই বিষয়টি খেয়াল করেননি।

তিনি বলেন, “চট্টগ্রামের কর্ণফুলী টানেল পার হয়ে চা-পানের জন্য আবার যাত্রাবিরতি দিলে পরিবারটি বুঝতে পারে শিশুটি তাদের সঙ্গে নেই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে রেস্তোরাঁর পোস্ট দেখে তারা যোগাযোগ করে এবং ভিডিও কলে শিশুটির সঙ্গে কথা বলে। এরপর দুপুর আড়াইটার দিকে কুমিল্লায় ফিরে এসে শিশুটিকে নিয়ে যায়।“

লুৎফুর রহমান বলেন, “শিশুটি যাতে ভয় না পায়, সে জন্য আমাদের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিছুক্ষণ পর সে স্বাভাবিক হয়ে যায়, খেলাধুলা করে এবং হাসিখুশি ছিল। শেষ পর্যন্ত শিশুটি নিরাপদে মায়ের কোলে ফিরে যেতে পেরেছে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ।”

পরিবারটির সদস্যরা রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জানা গেছে, পাকিস্তানি পরিবারটি বাংলাদেশে ১২ দিনের সফরে এসেছে এবং কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনস্থল ঘুরে দেখার পরিকল্পনা রয়েছে।

   

About

Popular Links

x