যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনায় এক স্কুলশিক্ষক মারা গেছেন।
রবিবার (২৮ জুন) সকালে মহাসড়কের হাশিমপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম সেলিম রেজা (৪০)। তিনি বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। তিনি যশোর সদরের লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজির শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। সেলিম যশোর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে খাজুরার দিকে যাচ্ছিলেন।
হাশিমপুর বাজারে আহার নামে একটি রেস্তোরাঁর সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এরপর একটি ঢাকাগামী বাসের চাপায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
ইছালী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং বারোবাজার হাইওয়ে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।



