বিগত অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার।
রবিবার (২৮ জুন) গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে সারা দেশের মতো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিয়াউদ্দিন হায়দার বলেন, “আপনারা এবার হামের প্রাদুর্ভাব দেখেছেন। এটি বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের ফল। তারা ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা যথাসময়ে দিতে ব্যর্থ হয়েছে। এই অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক সৈয়দ শাহিন ইকবাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ মোল্লা ।



