সিলেটের জকিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আলম আহমদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত পারভেজ আহমদ (৩২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আলম আহমদ লামারগ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। অপরদিকে গ্রেপ্তার হওয়া পারভেজ আহমদ একই গ্রামের বাসিন্দা এবং নিহতের আপন চাচাতো ভাই।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে আলম ও পারভেজের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে পারভেজ ধারালো ছুরি দিয়ে আলমকে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আলম আহমদকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামে পারভেজের নানাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চিৎকার করাকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।“



