Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় মিললো ইজিবাইক চালকের মরদেহ

মরদেহটি কাদার নিচে আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৭:০৮ পিএম

শেরপুরে নিখোঁজ হওয়ার একদিন পর ইজিবাইকচালক কাজল মিয়া (৪২) এর মরদেহ রাস্তার পাশের একটি ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কাদার নিচে আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া গেছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি কাজল মিয়া। পরিবারের সদস্যরা তার খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাননি।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন রাস্তার পাশের ধানখেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো. মমিন জানান, ধানখেতের মধ্যে মরদেহটির হাত-পা বাইরে বেরিয়ে ছিল এবং শরীরের একটি অংশ কাদার নিচে চাপা দেওয়া ছিল। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।“

   

About

Popular Links

x