পাবনা শহরের একটি ছাত্রী নিবাস থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থী রাজমনি ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের ডিগ্রি বটতলা এলাকার বাদশা ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাজমনি ইসলাম ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের বাসিন্দা। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজমনি দীর্ঘদিন ধরে বিদেশে উচ্চশিক্ষার জন্য আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি নিতে আগ্রহী ছিলেন। এ জন্য একটি কোর্সে ভর্তি হতে প্রায় ৪০ হাজার টাকার প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বিষয়টি নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে স্বজনদের দাবি।
স্বজনরা আরও জানান, রাজমনির জন্মের পর থেকেই তার বাবা একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বড় বোন গার্মেন্টসে চাকরি করেন এবং ভাই পেশায় গাড়িচালক। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. রাশেদুল হক বলেন, “একজন শিক্ষার্থীর এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।“
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



