Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুন্সীগঞ্জে নারী এইচএসসি পরীক্ষার্থী অপহৃত

পরীক্ষার আগে বোন অপহরণের পর আতঙ্কে পরীক্ষা দেননি তার ভাই

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। 

গত ২ জুলাই শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তার অংশগ্রহণের কথা ছিল। কিন্তু দুই বিষয়ের পরীক্ষা পার হয়ে গেলেও ওই শিক্ষার্থীর কোনো সন্ধান মেলেনি। এদিকে, এ ঘটনার পর ওই শিক্ষার্থীর ভাইও আতঙ্কে পরীক্ষায় বসেনি।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা আরজু বেগম সিরাজদিখান থানায় এসব অভিযোগ জানিয়ে গত ১ জুলাই লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, উপজেলার মালপদিয়া গ্রামের মৃত মোক্তার হোসেনের মেয়ে আনিসা আক্তার মালখানগর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং চলতি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জুন দুপুর ১২টার দিকে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে মালখানগর কলেজ রোড এলাকায় একটি মাইক্রোবাসে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় আনিসা আক্তারকে।

দক্ষিণ তাজপুর এলাকার শামসুল শেখের ছেলে এবং তার সঙ্গে থাকা ৪-৫ জন সহযোগী এ ঘটনা ঘটায়। এ সময় আনিসার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

নিখোঁজ ছাত্রীর মা আরজু বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে ফিরিয়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তরা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এমনকি আমার ছেলে নাবিলকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমার মেয়ে নিখোঁজ থাকায় এবং পরিবারের ওপর চলমান আতঙ্কের কারণে আমার দুই সন্তানই এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমি প্রশাসনের কাছে আমার মেয়েকে দ্রুত উদ্ধারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।”

   

About

Popular Links

x