Sunday, July 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিদ্যুৎ চালু রেখেই লাইনের কাজ করানোর অভিযোগ, নিহত ২

নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ 

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।  

নিহতরা হলেন - সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুতের লাইনে সংস্কার ও মেরামতের কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন (শাটডাউন) না করেই ওই দুই শ্রমিক খুঁটিতে উঠে কাজ শুরু করেন। এ সময় লাইনে বিদ্যুৎ চলে এলে তারা দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং খুঁটি থেকে নিচে পড়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

অভিযোগ উঠেছে, ঠিকাদার বিদ্যুৎ সংযোগ চালু রেখেই শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছিলেন।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুজ্জামান বলেন, “ঠিকাদারী প্রতিষ্ঠান বিদ্যুৎ লাইন মেরামতের বিষয়ে আমাদের অবগত করেনি। তারা চলন্ত লাইনেই শ্রমিক দিয়ে কাজ করাচ্ছিল। ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই এ দুর্ঘটনা ঘটে।”

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান সুমাইয়া এন্টারপ্রাইজের প্রোপাইটার আখতার হোসেনের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তিনি ‘খুব ব্যস্ত আছি’ জানিয়ে মোবাইলের কল কেটে দেন।

ওসি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। নিহতদের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x