পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জে নতুন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) নতুন কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে।
রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বর্তমান কমিশনার মো. আশিক সাঈদকে বদলি করে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
তার স্থলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহ।
এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) পদায়ন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অনতিবিলম্বে কার্যকর করা হবে।



