Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা

 ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন 

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:০০ এএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষিকার স্বামীর বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার রূপবাটি ইউনিয়নের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা বিভিন্ন সময় ছোটখাটো কাজের জন্য শিক্ষার্থীদের নিজ বাড়িতে ডাকতেন। অভিযোগ রয়েছে, গত ২৮ জুন ওই সুযোগে শিক্ষিকার স্বামী কৌশলে পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে যান।

মামলায় অভিযোগ করা হয়েছে, সেখানে শিশুটির মুখ গামছা দিয়ে চেপে ধরে তাকে ধর্ষণ করা হয়। এছাড়া গত শুক্রবার অভিযুক্ত আবারও শিশুটির শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এতে বাধা দিলে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। এরপর তার মা শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ আইনগতভাবে প্রমাণিত নয়।

   

About

Popular Links

x