রাজধানীর মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তিন হাজারেরও বেশি বাসিন্দা।
আবাসনটির নিজস্ব ৩৩ কেভি (কিলো ভোল্ট) উপকেন্দ্রের ট্রান্সফরমার বিকল হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত জাপান গার্ডেন সিটি কর্তৃপক্ষ বা ফ্ল্যাট মালিক ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এদিকে, আজ বিষয়টি জানার পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ দ্রুত সংকট সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ৩৩ কেভি লাইনের মাধ্যমে জাপান গার্ডেন সিটি পর্যন্ত স্বাভাবিকভাবেই বিদ্যুৎ সরবরাহ বজায় রেখেছে। তবে আবাসিক এলাকার নিজস্ব উপকেন্দ্রের ট্রান্সফরমার নষ্ট হওয়ায় অভ্যন্তরীণ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে।
ডিপিডিসি জানিয়েছে, বাসিন্দাদের দুর্ভোগ লাঘব করতে একটি ট্রান্সফরমার সাময়িকভাবে ভাড়ার ভিত্তিতে দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংবাদামধ্যমকে বলেন, “নাগরিকদের ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়। বাসিন্দাদের স্বার্থে আর কোনো বিলম্ব গ্রহণযোগ্য নয়। জাপান গার্ডেন সিটি ব্যবস্থাপনা কমিটিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের ব্যবস্থা করতে হবে।”



