Sunday, July 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

চাপা পড়া মাটি সরিয়ে দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহ উদ্ধার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০১:৪৪ পিএম

কক্সবাজারে পাহাড়ধসে রোজিনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে কক্সবাজার শহরের মেরিন ড্রাইভ সংলগ্ন ঝিরঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন নিহতের স্বামী মুজিবুর রহমান ও তাদের তিন শিশুসন্তান।

নিহতের স্বজনরা জানান, রাতে রান্না করছিলেন রোজিনা। এই সময় হঠাৎ পাশের পাহাড়ের একটি অংশ ধসে রান্নাঘরের ওপর এসে পড়ে। মুহূর্তের মধ্যে মাটি ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি। স্বজনদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। 

স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা দেড় ঘণ্টা চাপা পড়া মাটি সরিয়ে রাত ১১টার দিকে রোজিনা আক্তারের মরদেহ উদ্ধার করে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ আলম এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, “দীর্ঘসময় মাটির নিচে চাপা পড়ে থাকায় তিনি শ্বাস-প্রশ্বাস নিতে পারেননি। তাই তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।”

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, শনিবার সকাল থেকে ভারী বর্ষণ হচ্ছিল। রাত সাড়ে ৯টার দিকে একটি পাহাড়ধসে মুজিবুর রহমানের টিনের আধাপাকা ঘরের ওপর পড়ে। তাতে তাদের রান্নাঘরটি ভেঙে যায়। এ সময় রোজিনা রান্নাঘরে থাকায় চাপা পড়েন।

ফায়ার সার্ভিসের সদস্যরা রোজিনা আক্তারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

   

About

Popular Links

x