টানা দুদিনের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানীর জনজীবন। বৈরী এই আবহাওয়ার প্রভাব পড়েছে ঢাকার বাজারগুলোতে। নিত্যপণ্যের বাজারে বেড়েছে প্রায় কমবেশি সব খাদ্যপণ্যের দাম।
সোমবার (১৩ জুলাই) রাজধানীর কাঁচাবাজারগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, সবজির দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। সেই সঙ্গে কাঁচামরিচের দাম বেড়েছে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া চড়া দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মূল্যবৃদ্ধির ফলে বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবীরা সংকটের মধ্যে পড়েছেন। কয়েকদিনের দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আয় কমে যাওয়ায় এই সংকটের মুখোমুখি হচ্ছেন তারা।
মধ্যবাড্ডা এলাকার মামুন মিয়া নামের এক দিনমজুর বলেন, ‘‘বৃষ্টিতে দুইদিন কাজে যেতে পারিনি। পকেট ফাঁকা। এর মধ্যে বাজারে এসে দেখি কাঁচা মরিচের দাম বেড়েছে।’’
সবজির বাজারে ঊর্ধ্বগতি-
টানা বৃষ্টির কারণে সবচেয়ে বেশি দাম বেড়েছে সবজির। ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে ঢাকার বাইরে থেকে সবজিবাহী ট্রাক আসতে দেরি হচ্ছে। অনেক আড়তে পণ্য কম আসায় পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে।
কয়েক দিন আগেও যে সবজিগুলো ক্রেতারা ৪০ থেকে ৬০ টাকার মধ্যে কিনতে পারতেন, সেসব পণ্য বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজিতে।
মুরগির দামও বৃদ্ধি-
সবজির পাশাপাশি মাংসের বাজারেও স্বস্তি নেই। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রোটিনের প্রধান উৎস ব্রয়লার মুরগির দাম কেজিতে আরও ১০ থেকে ১৫ টাকা বেড়েছে।
সোমবার বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। আর সোনালি মুরগি কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি।



