নেত্রকোণায় আর্জেন্টিনার জয়ের পর আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান নেত্রকোণা সদর হাসপাতালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ।
নিহত দীপ্ত চৌধুরী (২৪) শহরের মালনীরোড এলাকার বাদল চৌধুরীর ছেলে। তিনি নেত্রকোণা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে নিহতের বাবা বাদল চৌধুরী বলেন, “বন্ধুদের সঙ্গে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে রাতে বাসা থেকে বের হয়ে শহরের শহীদ মিনার এলাকায় গিয়েছিল দীপ্ত। খেলা শেষে আর্জেন্টিনার জয়ে খুশি সমর্থকেরা আনন্দ উল্লাস করছিল। তখন একটি দ্বিতল ভবনের ছাদ থেকে এই আনন্দউল্লাসের ভিডিও ধারণ করছিল দীপ্ত। এ সময় অসতর্কতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে ছিটকে ছাদ থেকে নীচে পড়ে গুরুতর আহত হয়।”
স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা শ্রদ্ধানন্দ নাথ জানান, বিদ্যুতের স্পর্শে ও ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। এ সময় রোগীর নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে দীপ্ত চৌধুরীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।



