সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০)। একই ঘটনায় গুরুতর আহত তার বড় ভাই মো. হাসান বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমানের মৃত্যু হয়।
নিহত আব্দুর রহমান রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিমপাড় এলাকার বাসিন্দা। তিনি রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী টিটোনের সঙ্গে আব্দুর রহমান ও তার বড় ভাই হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে টিটোন বার্মিজ ছুরি ও চাপাতি দিয়ে তাদের ওপর হামলা চালান। এতে দুই ভাই গুরুতর আহত হন।
আহতদের প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আব্দুর রহমানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার সকালে তিনি মারা যান। অন্যদিকে, তার বড় ভাই হাসান এখনও শজিমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের সহপাঠী রেজুয়ান হাসান সিফাত, সীমান্ত তালুকদার ও শৌরভ হাসান বলেন, আব্দুর রহমান একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে, অভিযুক্ত টিটোন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, “মাদক সেবনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।“



