টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ জুলাই) ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কালিহাতী থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, অভিযুক্ত আমির হোসেন উপজেলার কুটুরিয়া গ্রামের বাসিন্দা। ধর্ষণের অভিযোগের পর স্থানীয়রা তাকে আটক করে থানায় এনে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণী প্লাস্টিকের বোতল কুড়াতে বের হন। এ সময় অভিযুক্ত আমির হোসেন তাকে ফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ সময় স্থানীয় বাসিন্দা ইয়ার আলী বিষয়টি দেখতে পেয়ে তরুণীর বাবাকে খবর দেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে অভিযুক্তের বাড়ির রান্নাঘর থেকে তরুণীকে উদ্ধার করেন।
ঘটনাটি জানাজানি হলে রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশের উদ্যোগ নেওয়া হয়। তবে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় নিয়ে গিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে পুলিশ আমির হোসেনকে গ্রেপ্তার করে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



