Thursday, July 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচন হলে প্রার্থী হবেন হিরো আলম

তিনি বলেন যেখানেই উপনির্বাচন হবে সেখানেই নির্বাচন করব

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের পর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সম্ভাব্য উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত।

সম্প্রতি প্রকাশিত এক অডিওবার্তায় হিরো আলম জানান, তার দীর্ঘদিনের স্বপ্ন সংসদ সদস্য হওয়া। তিনি বলেন, "যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমি প্রার্থী হব। এখন যেখানেই উপনির্বাচন হবে, সেখানেই নির্বাচন করব। দেখি সুষ্ঠু নির্বাচনেও আমাকে বাধা দেওয়া হয় কি না।"

তিনি আরও দাবি করেন, অতীতে বিভিন্ন নির্বাচনে তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এবারও জনগণের রায় জানতে তিনি নির্বাচনে অংশ নিতে চান বলে জানান।

এর আগে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াত তাদের গঠনতন্ত্রের ৬২ ধারার আওতায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। দলটি জানিয়েছে, এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। ফলে তার সংসদ সদস্য পদও ঝুঁকিতে পড়তে পারে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

হিরো আলম এর আগে একাধিক জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচনী প্রচার ও ভোটগ্রহণের সময় তার ওপর হামলার অভিযোগও ওঠে। কয়েকটি নির্বাচনকে বিতর্কিত দাবি করে তিনি বর্জন করেছিলেন।

সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে “আমজনতা” দলের মনোনয়নপত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেননি। এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

বগুড়ার একজন কেবল অপারেটর থেকে কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিতি পাওয়া হিরো আলম দীর্ঘদিন ধরেই রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করে আসছেন। নানা আলোচনা-সমালোচনার মধ্যেও সংসদ সদস্য হওয়ার লক্ষ্য থেকে তিনি সরে আসেননি।

   

About

Popular Links

x