সামাজিক যোগাযোগমাধ্যমে মন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে খোলা ‘ভুয়া অ্যাকাউন্ট ও পেজ’ সম্পর্কে সতর্কতা জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নিজ নামে একটি মাত্র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট (ব্লু ব্যাজ) রয়েছে। এর বাইরে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা বা অনুমোদন নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইদানীং উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে মন্ত্রীর অনুমোদনহীন বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি ও নীতিহীন।
সংশ্লিষ্ট সবাইকে এসব ভুয়া পেজ থেকে প্রচারিত বার্তা কন্টেন্ট আমলে না নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধও করেছে মন্ত্রণালয়।



