সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের হার্টে বাইপাস সার্জারি হয়েছে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় তার ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন।
এছাড়া বিভিন্ন রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বলে পদত্যাগপত্রে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।
সাবেক রাষ্ট্রপতির ‘অটোনমিক নিউরোপ্যাথি’ রোগে আক্রান্তের তথ্য জানতে পেরে অনেকের মনে কৌতুহল দেখা গেছে এ রোগ সম্পর্কে।
অটোনমিক নিউরোপ্যাথি হলো এমন এক জটিল স্নায়ুরোগ, যা শরীরের স্বয়ংক্রিয় কার্যকলাপ ব্যাহত করে। এছাড়া, স্নায়ুতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে। এর প্রধান লক্ষণগুলোর মধ্যে রয়েছে হৃদস্পন্দন ও রক্তচাপের অনিয়ম, হজমে সমস্যা, মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া। দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অটোইমিউন রোগ বা নির্দিষ্ট কিছু সংক্রমণ এর মূল কারণ হতে পারে।
প্রধান লক্ষণ
রক্তচাপ ও হৃদস্পন্দন: হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, দাঁড়ানোর সময় মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া এবং অনিয়মিত হৃদস্পন্দন।
হজমে সমস্যা: খাবার পর দ্রুত পেট ভরা বোধ করা বা বমি ভাব। সেইসঙ্গে কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া।
অন্যান্য সমস্যা: অতিরিক্ত বা কম ঘাম হওয়া, মূত্রথলি নিয়ন্ত্রণে সমস্যা এবং যৌন স্বাস্থ্যজনিত জটিলতা।
কারণ ও ঝুঁকি
ডায়াবেটিস: দীর্ঘদিন রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকা এই রোগ হওয়ার সবচেয়ে সাধারণ কারণ।
অন্যান্য কারণ: অটোইমিউন রোগ, নির্দিষ্ট কিছু ওষুধ বা কেমোথেরাপি এবং ভাইরাস বা ব্যাকটেরিয়াল সংক্রমণ।



