Saturday, July 25, 2026

সেকশন

English
Dhaka Tribune

রাস্তার ওপর ছড়িয়ে ইয়াবা, কুড়িয়ে পুলিশের হাতে দিলেন স্থানীয়রা

স্থানীয়রা এক হাজারেরও বেশি ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ১১:৩২ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে বিপুল পরিমাণ ইয়াবা। এ সময় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের অনেকেই সড়ক থেকে ইয়াবা কুড়িয়ে নিতে থাকেন। এদিকে অসংখ্য ইয়াবা গাড়ির চাকায় পিষ্ট হয়ে নষ্ট হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে পৌরসভার নুনাছড়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর হাজার হাজার পিস ইয়াবা ছড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা সেগুলো সংগ্রহ শুরু করেন। তাদের মধ্যে কয়েকজন এক হাজারেরও বেশি ইয়াবা কুড়িয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে দাবি করেন।

স্থানীয় এক যুবক জানান, দুপুর দেড়টার দিকে তিনি সড়কে বিপুল পরিমাণ ইয়াবা ছড়িয়ে থাকতে দেখেন। ওই সময় কাছেই দুটি মোটরসাইকেলের আরোহীদের মধ্যে বাকবিতণ্ডা চলছিল। স্থানীয়রা তাদের ধাওয়া করলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে নীল প্লাস্টিকে মোড়ানো ১০ থেকে ১২টি প্যাকেট এবং ছড়িয়ে থাকা শতাধিক ইয়াবা ট্যাবলেট কুড়িয়ে পুলিশকে দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ব্যক্তি জানান, তিনি নিজেই সড়ক থেকে ২০০ থেকে ৩০০ পিস ইয়াবা কুড়িয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

তবে ঘটনাস্থলে পৌঁছানো পুলিশের উপপরিদর্শক (এসআই) অনিক জানান, পুলিশ প্রায় ১০০ থেকে ১৫০ পিস ইয়াবা এবং আনুমানিক ১০০ গ্রাম গুঁড়া জাতীয় মাদক উদ্ধার করেছে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো মাদকবিরোধী সংস্থার ধাওয়ার মুখে মাদক কারবারিরা ইয়াবাগুলো ফেলে পালিয়ে গেছে। ঘটনাটি তদন্ত করে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।”

   

About

Popular Links

x