বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে বদলি করেছে সরকার।
এ বদলির ফলে মঙ্গলবার (২৮ জুলাই) তার নির্ধারিত চট্টগ্রাম সফরও বাতিল করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বদলিপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিষয়টি নিশ্চিত করে বিপিসির সচিব শাহিনা সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, “মঙ্গলবার চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের কর্মসূচি ছিল। সেখানে তার একাধিক সভায় অংশ নেওয়ার কথা ছিল। তবে বদলির আদেশ জারি হওয়ায় সেই সফর বাতিল করা হয়েছে।”
এর আগে, গত ২ ফেব্রুয়ারি মো. রেজানুর রহমানকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে তাকে হঠাৎ বদলির কারণ সম্পর্কে সরকার বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।



