এনসিপি বাংলাদেশে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন ‘ভণ্ডবস্তের’ রাজনীতি শুরু করেছে। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, ‘‘এনসিপিকে বলবো, গঠনমূলক রাজনীতি করুন।’’
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার সুধীজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খাঁন এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। তিনি দলীয় নেতাকর্মীদের বারবার প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন, তার মেরুদণ্ড ভেঙ্গে দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিহিংসার বশবর্তী হয়ে এখন কারো মেরুদণ্ড ভাঙতে চান না। প্রধানমন্ত্রী বারবার বলছেন, দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়তে হবে।’’
রাশেদ খাঁন আরও বলেন, ‘‘আমরা লক্ষ্য করছি, এনসিপির কিছু নেতাকর্মী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মীনীকে নিয়ে কুটুক্তি করে বেড়াচ্ছে। জুলাই পদযাত্রায় এনসিপির নেতারা স্থানীয় এমপি, মন্ত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছে। আচ্ছা, এভাবে যদি তারা কথা বলে, তাহলে আপনি কতজন নেতাকর্মী সমর্থককে নিয়ন্ত্রণ করবেন? যারা একজন এমপিকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, তাদের সামনে গিয়ে তাদের এমপিকে নিয়ে বাজে মন্তব্য করবেন, আপনার মানুষ আপনাদের ছেড়ে দেবে। সিলেটের মানুষ, হবিগঞ্জের মানুষ সেই জায়গা থেকেই প্রতিবাদ করেছে।’’
এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘‘এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটওয়ারীসহ তাদের নেতারা দেশের বিভিন্ন এলাকায় গিয়ে এমপি ও মন্ত্রীদের গালিগালাজ করছে। এই এনসিপি জুলাই গণঅভ্যুত্থানের পরে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন ভন্ডবস্ত কায়েম করার চেষ্টা করছে। এনসিপির রাজনীতি এখন জামায়াতের পরামর্শে চলছে।’’
এর আগে, ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মাহফুজ হোসেন প্রমুখ।



