কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রশক্তির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে ২০ জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছে দলটি।
এনসিপির অভিযোগ ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলার ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলা সদরে এ ঘটনা ঘটে। আহতরা ফুলবাড়ী ও নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন জেলা যুবশক্তির সিনিয়র সেক্রেটারি জেনারেল তাওহীদ হাসান, ফুলবাড়ী উপজেলার সিনিয়র সদস্যসচিব রাজু, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, জেলা আহ্বায়ক সাদিকুর রহমান, নাগেশ্বরী উপজেলা যুবশক্তির সভাপতি রবিউল ইসলাম।
এনসিপির কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক মো. মুকুল মিয়া সংবাদমাধ্যম জানান, হবিগঞ্জ ও ফুলবাড়ীতে তাদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী হামলা চালায়। এতে ছাত্রশক্তির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল সংবাদমাধ্যমকে জানান, এনসিপির মিছিলে ছাত্রলীগের কর্মীরা অংশ নেয়। এ সময় ছাত্রদলের মমিনুল নামের এক কর্মী যাওয়ার পথে এনসিপির কার্যালয়ের সামনে হামলার শিকার হয়। এ ঘটনা কেন্দ্র করে ছাত্রদলের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এনসিপির হয়ে এসব ঘটনা ঘটাচ্ছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাস্থলে পুলিশ ছিল। কয়েকজন আহত হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



