Saturday, August 01, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় ২৪ বছর পর কবর থেকে অক্ষত অবস্থায় মিললো মরদেহ

ঘটনাটি ঘটেছে নাথের পেটুয়া ইউনিয়নের উলুপাড়া গ্রামের দিঘিরপাড় এলাকায়

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১০:৩৩ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রায় দুই যুগ আগে দাফন করা একটি মরদেহ প্রায় অবিকৃত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী ও নিহতের স্বজনরা। ঘটনাটি ঘটেছে নাথের পেটুয়া ইউনিয়নের উলুপাড়া গ্রামের দিঘিরপাড় এলাকায়, যেখানে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই স্ত্রীকে দাফনের প্রস্তুতির সময় বিষয়টি সবার নজরে আসে।

স্থানীয় সূত্র জানায়, উলুপাড়ার বাসিন্দা রমজান আলী প্রায় ২৪ বছর আগে মারা যান এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল। গত শুক্রবার তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হলে, ছেলে কামাল হোসেন বাবার কবরের পাশেই মায়ের জন্য কবর খননের নির্দেশ দেন। খনন শুরু হতেই বেরিয়ে আসে রমজান আলীর মরদেহ ও তার গায়ের কাফন, যা দীর্ঘ সময় পরও প্রায় অক্ষত রয়ে গেছে। এই দৃশ্য দেখে হতবাক হয়ে যান উপস্থিত সবাই এবং খবরটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়, জড়ো হন উৎসুক জনতা।

কবর খননের দায়িত্বে থাকা খোকন জানান, মাটি সরাতে গিয়ে হঠাৎ কাফনসহ মরদেহ চোখে পড়ে তার, এরপর তিনি আশপাশের লোকজনকে ডেকে দৃশ্যটি দেখান।

মৃতের ছেলে কামাল হোসেন জানান, ভয়ে তারা কাফনের কাপড় খুলে ভেতরে দেখার সাহস পাননি। পরে যথারীতি মায়ের দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

উলুপাড়া জামে মসজিদ কমপ্লেক্সের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এই ঘটনাকে তার জীবনের বিরল অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। তার ভাষ্যে, এমন ঘটনা সাধারণত আল্লাহর বিশেষ প্রিয় বান্দাদের ক্ষেত্রেই ঘটে থাকে বলে তিনি বিশ্বাস করেন, এবং জানান রমজান আলী নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন।

তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে ব্যাখ্যা করেছেন মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয়াংকা চক্রবর্তী। তিনি এটিকে একটি ব্যতিক্রমী ঘটনা আখ্যা দিয়ে বলেন, দীর্ঘদিন মরদেহ অক্ষত থাকার প্রকৃত কারণ নিশ্চিত হতে ফরেনসিক বিশেষজ্ঞদের বৈজ্ঞানিক পরীক্ষা প্রয়োজন। তার ব্যক্তিগত অভিজ্ঞতায় এত বছর পর মরদেহ অক্ষত থাকার এমন নজির আগে কখনও দেখেননি বলেও জানান তিনি।

   

About

Popular Links

x