Sunday, August 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে বাড়িতে ঢুকে গুলি, নিহত ১

আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষরা বাড়িতে হামলা চালায়

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৩:৪৪ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের করা গুলিতে মোমেন মিয়া (৬০) নামের কৃষক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

রবিবার (২ আগস্ট) সকাল ৯টার দিকে চরাঞ্চলের চাঁনপুর ইউনিয়নের সদাগরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোমেন মিয়া সদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমানে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদাগরকান্দি গ্রামের বাসিন্দা আব্দুল মোমেন সরকার ও একই গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার আবুল কাশেম সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

এদিন সকাল ৯টার দিকে কাশেম মেম্বার ও ফরিদের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রধারী ২০-২৫ জনের একটি দল চেয়ারম্যান সমর্থক কৃষক মোমেন মিয়ার বাড়িতে হামলা চালিয়ে পালিয়ে যায়। এ সময় মোমেন মিয়া গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়। রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর গুলিতে আহত মোমেন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

এ বিষয়ে চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বলেন, “পূর্ব পাড়ার কাশেম ও দক্ষিণ পাড়ার ফরিদের লোকেরা ঘরে ঢুকে গুলি করেছে। এলাকায় ঝগড়া হতে পারে একথা এমপি সাহেবকে কেন জানালাম সেজন্য ক্ষিপ্ত হয়ে তারা গুলি করে মোমেনকে হত্যা করেছে। আহত করেছে ৫-৭ জনকে।”

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে, এলাকার পরিস্থিতি স্বাভাবিক। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

   

About

Popular Links

x