Monday, August 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

রুপপুরে ২ রুশ কর্মীর মারামারি: একজন নিহত, অন্যজন আইসিইউতে

ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনা

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রিনসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে মারামারির ঘটনায় একজন নিহত হয়েছেন। গুরুতর আহত অপর রুশ নাগরিক বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে গ্রিনসিটির ৬ নম্বর ভবনের ৫০১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত সের্গেই নিকোলায়েভিচ (৫৬) এবং আহত মেনচেভ (৫৩) দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘রোসেম’ এর কর্মী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে দুই রুশ নাগরিক একসঙ্গে মদ্যপান করছিলেন। মদ্যপ অবস্থায় কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে দুজনই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে গ্রিনসিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে আইসিইউ সুবিধা না থাকায় উন্নত চিকিৎসার জন্য পাবনার এসোর্ট স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সের্গেই নিকোলায়েভিচ মারা যান। আহত মেনচেভ এখনও আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “মরদেহের ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পরে রাশিয়া দূতাবাসের মাধ্যমে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x