খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থী হল থেকে বের হওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নিখোঁজ শিক্ষার্থীর নাম মো. তাসরীব আহমেদ মাহিন। তিনি কুয়েটের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী (রোল: ২০১১০১৫) এবং ফজলুল হক হলের আবাসিক ছাত্র।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, রোববার (২ আগস্ট) সন্ধ্যায় মাহিন ফজলুল হক হল থেকে বের হওয়ার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় সহপাঠীরা বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। এরপর প্রশাসন, সহপাঠী ও পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ জানান, শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তাকে দ্রুত খুঁজে বের করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ যদি তাসরীব আহমেদ মাহিনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত তার পরিবারের সদস্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে। তাদের মতে, সাধারণ মানুষের দেওয়া সামান্য তথ্যও একজন নিখোঁজ শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



