রাজধানীর শেরেবাংলা নগরের সাবেক গণভবনে প্রতিষ্ঠিত জুলাই জাদুঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করেন।
আগামীকাল (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে। দর্শনার্থীদের সুশৃঙ্খলভাবে প্রবেশ নিশ্চিত করতে সময়ভিত্তিক (স্লট) অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অতিরিক্ত ভিড় এড়ানো এবং দর্শনার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা নিশ্চিত করতেই অনলাইন টিকিট ও সময়ভিত্তিক প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।’’
প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা আর শিশুদের জন্য ২৫ টাকা।
জাদুঘরে প্রবেশের আগে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে সময়ভিত্তিক (স্লট) এই লিংকে বুকিং করতে হবে। যে সময়ের জন্য বুকিং অনুমোদিত হবে, শুধুমাত্র সেই সময়েই প্রবেশ করা যাবে।
বুধবার শুধু জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত ছিল জাদুঘরটি। তবে বৃহস্পতিবার থেকে অনলাইনে টিকিট কেটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন সর্বস্তরের মানুষ।



