Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভারতে মুর্শিদাবাদে তরুণীর অভিযোগে জামালপুরে যুবক গ্রেপ্তার

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১১:২৪ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক তরুণীর অভিযোগের ভিত্তিতে ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। 

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর জেলা পুলিশ।

গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান মেহেদী দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর সঙ্গে মেহেদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের সময় তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও একে অপরের সঙ্গে আদান-প্রদান করেন।

অভিযোগ অনুযায়ী, পরে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং তার কয়েকজন নিকট আত্মীয়ের কাছেও সেগুলো পাঠিয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী ভারতের মুর্শিদাবাদ জেলার সুতি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বিষয়টি জানিয়ে জামালপুরের পুলিশ সুপারের কাছেও আবেদন করেন।

অভিযোগের পর বিষয়টি তদন্তে নামে জামালপুর জেলা গোয়েন্দা শাখা। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা মোবাইল ফোন বিশ্লেষণ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাকাউন্টের তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য পর্যালোচনায় ভুক্তভোগী তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও তার আত্মীয়দের কাছে পাঠানোর অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে পুলিশ।

জামালপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) সোহাগ রানা বলেন, “এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাইবার অপরাধের মামলা করেছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

   

About

Popular Links

x