Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

স্কুলে যাওয়ার পথে ছেঁড়া পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দগ্ধ স্কুলছাত্রী

উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০১:০৯ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (১৬) নামে এক স্কুলছাত্রী। 

বুধবার (৫ আগষ্ট) উপজেলার কেরোয়া ইউনিয়নের দক্ষিণ কেরোয়া মোল্লার হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আহত প্রিয়া মোল্লার হাট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে প্রিয়া বিদ্যুতায়িত হলে তার হাত, পা ও পিঠের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বিকেল ৩টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মোল্লার হাট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান মোল্লা এবং সিনিয়র শিক্ষক আবদুল লতিফ জানান, প্রায় চার দশক আগে স্থাপিত বিদ্যুৎ লাইনের তারগুলো বর্তমানে অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। সামান্য ডালপালা পড়লেও প্রায়ই তার ছিঁড়ে যায়। এর আগেও একই ধরনের দুর্ঘটনায় এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল বলে তারা জানান।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুনতাহিনা রাইসা বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর হাত, পা ও পিঠের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রায়পুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোশারফ হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে বিদ্যুৎ লাইনের উন্নয়ন এবং গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

   

About

Popular Links

x