Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

৪ বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা, চট্টগ্রামে পাহাড় ধসের শঙ্কা

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত  হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৩:২০ পিএম

দেশের চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

পাশাপাশি অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসেরও আশঙ্কা রয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দেওয়া এক সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। 

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, “ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কার যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটি আগামী ২৪ ঘণ্টার জন্য প্রযোজ্য।” 

তিনি আরও বলেন, "এরপরও বৃষ্টি থাকবে, তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে।”

আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৯৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময়ে ঢাকায় ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। 

গত বুধবার খুলনার কয়রায় দেশের সর্বোচ্চ ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস।

   

About

Popular Links

x