Thursday, August 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, রাজবাড়ীতে অস্ত্রের বড় চালানসহ আটক ২

বিদেশি স্টার্লিং সাব মেশিনগান, বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৯:১৪ পিএম

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, ম্যাগাজিন, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দুটি ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মো. মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে। তার কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন।

একই রাতে সোয়া ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজসংলগ্ন এলাকায় দ্বিতীয় অভিযান চালিয়ে আটক করা হয় হাসান আলী বিশ্বাস (৩৬) নামে আরেক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা।

র‍্যাব জানায়, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি অস্ত্র ও মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি।

আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x