নাটোরের গুরুদাসপুরে গরুবাহী নসিমন ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিন জন।
শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে গুরুদাসপুর নয়াবাজার এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদুল ইসলাম।
নিহতরা হলেন বড়াইগ্রামের লক্ষীপুর এলাকার আব্দুর রহমান, আক্কাছ আলী ও তার ছোট ভাই জাহাঙ্গীর আলম।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, সকালে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি গরুবাহী লসিমনের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের চাকার নিচে চাপা পড়ে আব্দুর রহমানের মৃত্যু হয়। এ সময় কয়েকটি গরুও মারা যায়।
এ দুর্ঘটনায় আহতদের স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে স্থানীয় বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আক্কাছ আলীর মৃত্যু হয়।
অন্যদিকে আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। কিন্তু পথেই প্রাণ হারান জাহাঙ্গীর আলম।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এছাড়া আহতদের পরিচয়ও শনাক্ত করার চেষ্টা হচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।



