রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষায় ফেল করার পর কারিনা পাল (১৬) নামে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ আগষ্ট) সকালে উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কারিনা পাল মহব্বতপুর গ্রামের বাসিন্দা। সে চাঁন্দেরআড়া উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী বিদ্যালয়ে ভালো ফল করত বলে জানিয়েছে পুলিশ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, কারিনা বিদ্যালয়ে মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিল। তার রোল নম্বর সাধারণত দুই-তিনের মধ্যে থাকত। তবে এবারের এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে অকৃতকার্য হয় সে।
পুলিশ জানায়, সোমবার সকালে মোবাইলে পরীক্ষার ফল দেখার পর কারিনা নিজ ঘরে চলে যায়। পরে দীর্ঘ সময় তার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ওসি তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।



