বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর প্রক্রিয়ায় দুই কোম্পানির সঙ্গে ৩টির ইজারা চুক্তি করলো সরকার। যে দুটি কোম্পানি ইজারা পেয়েছে, সেসব হলো, প্রাণ-আরএফএল গ্রুপ এবং হ্যামকো গ্রুপ।
মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি এই চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রায়ত্ত কারখানা তিনটি হচ্ছে- সিরাজগঞ্জের জাতীয় জুট মিলস লিমিটেড, খুলনার স্টার জুট মিলস লিমিটেড এবং প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড।
চুক্তি অনুযায়ী জাতীয় জুট মিলস লিমিটেড ও স্টার জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে প্রাণ-আরএফএল গ্রপ আর প্লাটিনাম জুবিলী জুট মিলস লিমিটেড ইজারা নিয়েছে হ্যামকো গ্রুপ।
বাংলাদেশ জুট মিলস করপোরেশন-বিজেএমসির সঙ্গে প্রাণ-আরএফএল গ্রুপ ও হ্যামকো গ্রুপের এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বিজেএমসির পক্ষে সংস্থাটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. কবির উদ্দিন সিকদার এবং প্রাণ-আরএফএল গ্রুপের পক্ষে কোম্পানি সচিব আমিনুর রহমান ও হ্যামকো গ্রুপের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব বলেন, “চুক্তির আওতায় দীর্ঘদিন বন্ধ থাকা তিনটি মিল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করা হবে।”
তিনি আরও বলেন, ‘‘মিল তিনটি চালু হলে কমপক্ষে ১১ হাজার ৬২৯ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় ৬১৯ কোটি টাকা বিনিয়োগ হবে। মিলগুলোর সম্ভাব্য বার্ষিক মোট আয় হবে প্রায় ১ হাজার ১৭৫ কোটি টাকা।’’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী।



