Thursday, August 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

দ্বিতীয় স্ত্রীকে মারধর করে চুল কেটে দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৩

ভুক্তভোগী নারী বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক নারীকে (৩৯) মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী-সন্তান ও স্বজনদের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল বুধবার (১২ আগষ্ট) রাতে ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় নাম উল্লেখ করে ছয়জন এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার রাতে দেবীগঞ্জ উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে ভুক্তভোগী নারীকে নির্যাতন করা হয়। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গ্রেপ্তার তিনজন হলে আবদুল হক (৫০), সুজন ইসলাম (১৯) ও চাঁন মিয়া (৩২)। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ১২ জুন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং আগের স্বামীকে তালাক দিয়ে অন্য একজনকে বিয়ে করেন। গত সোমবার রাত ১০টার দিকে তার বর্তমান স্বামীর প্রথম পক্ষের স্ত্রী, সন্তান ও স্বজনেরা তার ওপর চড়াও হন। তারা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে তাকে মারধর করেন এবং বিয়ের কাগজপত্র ও মুঠোফোন ছিনিয়ে নেন। একপর্যায়ে ব্লেড ও কাঁচি দিয়ে তার মাথার চুলের কিছু অংশ কেটে দেওয়া হয় বলে অভিযোগ।

ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জানান, প্রথম পক্ষের স্বজনেরা বিয়ের কাগজপত্র দেখতে চেয়েছিলেন। আদালতের বিয়ের এফিডেভিট ও তার স্ত্রীর ধর্মান্তরের কাগজপত্র দেখানোর পর তারা সেগুলো ছিনিয়ে নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে মারধর শুরু করেন। তিনি স্বীকার করেন, দ্বিতীয় বিয়ের বিষয়ে প্রথম স্ত্রীর অনুমতি নেননি তিনি।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, “মারধর ও চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।“

   

About

Popular Links

x