রাঙ্গামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
রবিবার (১৬ আগস্ট) ভোরে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ভোরে রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন - নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙ্গামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) ও বিজয়নগর এলাকার শান্তি রঞ্জন চাকমা (৬৫)।
আহত দুজন হলেন - পিকআপচালক নানিয়ারচরের ঘিলাছড়ি এলাকার জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙ্গামাটি শহরের পিটিআই এলাকার সুমন চাকমা (৪৫)। তারা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ায় শোভা চাকমার মৃত্যুর পর নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়ায়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়েছে এবং অপর দুইজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনায় নিহত ও আহতদের হাসপাতালে আনা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। প্রতিবেদন শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাঙ্গামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত ও আহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।



